২৪ মে ২০২৬, ১৪:২৬

নিখোঁজ যুবকের মরদেহ ভাসছিল পুকুরে

পুকুরে ভাসছে মরদেহ  © টিডিসি

ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর বিজয় বর্মণ (৩০) নামের এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, মাদকাসক্ত বন্ধুদের সঙ্গে আড্ডার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার (২৪ মে)  সকালে সদর উপজেলার বেগুনবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজয় বর্মণ ওই এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের ছেলে। দুই ভাই ও এক বোনের সংসারে তিনি ছোট। তার এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তার আরেক ভাই ধীরেন্দ্র বর্মন ওষুধ ব্যবসায়ী।

বিজয় মুক্তাগাছা উপজেলার একটি ওষুধের দোকানে চাকরি করতেন। নেশা করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

নিহতের জ্যেঠাতো ভাই সুব্রত বর্মণ জানান, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে বিজয় মাদকাসক্ত বন্ধুদের সঙ্গে ময়মনসিংহ শহরে যান। সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসেন তিনি। এরপর রাত ১২টার দিকে আবার এলাকার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি জঙ্গলে তাকে আড্ডা দিতে দেখেন স্থানীয়রা। এরপর থেকে বিজয় আর বাড়ি ফিরেননি। শনিবারও দিনভর খোঁজাখুঁজি করে কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর রবিবার সকালে বাড়ি থেকে একটু দূরে পুকুরের কচুরিপানার সঙ্গে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিজনের মরদেহ শনাক্ত করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন এবং মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ তৎপরতা শুরু করেছে।