ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৯ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু।
মৃত শিশুটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশু। গত ২০ মে তাকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, শিশুটির মৃত্যু সনদে হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৯ শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৫৬০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৪২৫ শিশু।
গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এ সময়ে কাউকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করতে হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু বিভাগে ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসাসেবা দিচ্ছে।