২৩ মে ২০২৬, ১৫:০৭

নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আটক দুই মাদককারবারি  © সংগৃহীত

নেত্রকোনার পৃথক অভিযানে মদন ও খালিয়াজুরী উপজেলায় ১২০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া এবং শনিবার (২৩ মে) মদনের জাহাঙ্গীরপুর থেকে মিলন শেখকে আটক করা হয়।

আটক উজ্জল মিয়া (৪৪)  খালিয়াজুড়ি উপজেলার গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে। 

শনিবার (২৩ মে) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ফতুয়া গ্রামে অভিযান চালায়। এ সময় উজ্জল মিয়ার কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 অপর দিকে মদন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মিলন শেখ নামে এক মাদক কারবারিকে আটক করেছে মদন থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ মে) সকালে মদন পৌরসভা জাহাঙ্গীরপুর গ্রামে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মদন থানার পুলিশ। অভিযানে অলি মিয়ার বাড়ির পিছনে সাত্তার মিয়ার পতিত জমি থেকে মিলন শেখ (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক কারবারি মিলন শেখ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের কহুছ মিয়ার ছেলে। 

মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ৯৫ পিস ইয়াবাসহ মিলন শেখ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।