২৩ মে ২০২৬, ১৩:২১

র‍্যাব ক্যাম্পের পাশেই অস্ত্রের মুখে গরু ছিনতাই, আতঙ্কে ব্যবসায়ীরা

ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন  © টিডিসি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ফেনীতে বিক্রির জন্য আনা এক ব্যবসায়ীর গরুর পালে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় র‍্যাব ক্যাম্প-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরু ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, পরিচিতজনদের কাছ থেকে ঋণ নিয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য তিনি ১০টি গরু কিনেছিলেন। ফেনীর র‍্যাব ক্যাম্প-সংলগ্ন স্থানে গরুগুলো বেঁধে রেখে তিনি নিজেই পাহারা দিচ্ছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে হঠাৎ ৪-৫ জনের একটি দল এসে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তারা একটি গরু জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়িটির পিছু ধাওয়া করলেও ছিনতাইকারীদের আটকাতে পারেনি। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনার পর থেকে সেখানে অবস্থানরত অন্যান্য গরু ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পের পাশেই এমন ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলছেন, ঈদকে সামনে রেখে তারা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে গরু কিনেছেন। এখন নিরাপত্তাহীনতায় তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

একাধিক গরু ব্যবসায়ী অভিযোগ করে বলেন, রাতভর গরু পাহারা দিয়েও তারা নিরাপদ বোধ করছেন না। দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং পশুর হাট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান। 

একই এলাকায় অবস্থানরত মো. সেলিম নামে আরেক গরু ব্যবসায়ী বলেন, ‘প্রায় ১২ দিন আগে বিক্রির উদ্দেশ্যে আমি ৪৫টি গরু এখানে এনেছি। আমরা এই স্থানেই গরুগুলো রেখে ব্যবসা পরিচালনা করছি। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর থেকে আমরা সবাই আতঙ্কের মধ্যে রয়েছি। পাশে র‍্যাব ও পুলিশের ক্যাম্প থাকা সত্ত্বেও এক গরু ব্যবসায়ীর গরু লুট হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের পক্ষে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না।’

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘রামপুরে এক ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনার বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগও আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’