চার বছর প্রেমের সম্পর্ক, বিয়ের আসরে যুবকের বিষপান
চট্টগ্রামের আনোয়ারায় প্রেমিকার বিয়ের আসরে গিয়ে বিষপানের চেষ্টা করেছেন এক যুবক। এ সময় তাকে মারধরের অভিযোগও উঠেছে মেয়েটির স্বজনদের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ওই যুবককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অসুস্থ যুবকের নাম মো. সাহাবউদ্দিন (২৫)। তিনি উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বাসিন্দা ও মো. ইয়াছিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া এলাকার বাসিন্দা রোকসানা আক্তারের (২০) সঙ্গে আনোয়ারা সরকারি কলেজে পড়ার সময় সাহাবউদ্দিনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার বছর ধরে তাদের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন স্বজনেরা।
সম্প্রতি রোকসানার পরিবার উপজেলার বটতলী ইউনিয়নের আঁইরমঙ্গল এলাকার এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করে। বিষয়টি জানার পর সাহাবউদ্দিন দুই পরিবারকে সম্পর্কের কথা বুঝিয়ে বিয়ের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যাত হয় বলে পরিবারের দাবি।
আজ বিকেলে রোকসানার বিয়ের অনুষ্ঠানে গিয়ে সবার সামনে বিষপান করেন সাহাবউদ্দিন। এ সময় মেয়েটির স্বজনেরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
সাহাবউদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন বলেন, 'আমরা মেয়ের পরিবারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি। পরে আজ জানতে পারি, আমার ভাইকে মারধর করা হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি, তাঁর মুখে বিষের গন্ধ। পরে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।'
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, 'ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। স্থানীয় লোকজন জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করেছিলেন। আহত যুবককে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তার স্বজনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।'