শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জন আহত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জনকে তাৎক্ষণিকভাবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে জলাতঙ্ক প্রতিরোধী ‘র্যাবিস ভ্যাকসিন’ ও ‘আইজি র্যাবিস’ প্রদান করা হয়েছে।
ভ্যাকসিন নেওয়া ৫জন হলেন, ভাটিপাচানী গ্রামের আব্দুল মান্নানের পুত্র হুমায়ূন (১৪), মৃত আব্দুর রহমানের স্ত্রী ফাতেমা (৭০), ইসমাঈলের স্ত্রী ফাতেমা (৫০), মুজিবুরের স্ত্রী রাশিদা (৫০) ও আবদুল হামিদের স্ত্রী হোসনা (৭০)। এ ছাড়া গাংগাইল ইউনিয়ন উত্তর বানাইল গ্রামের ৩ জনকে শিয়ালে কামড়িয়েছে।
উপজেলা স্বাস্ত্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা জানান, শিয়াল, কুকুর বা অন্য কোনো বন্য প্রাণীর কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যোগাযোগ করের চিকিৎসা নিতে হবে ।