২১ মে ২০২৬, ১৬:৪৯

শিশু রামিসা হত্যায় জড়িতদের রাজধানীতে প্রকাশ্যে ফাঁসির দাবি

শিশু রামিসা হত্যায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মানববন্ধন  © টিডিসি ফটো

ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’। এসময় তারা ঘটনায় জড়িতদের রাজধানী ঢাকায় প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লাও উপস্থিত ছিলেন। তবে তিনি কান্নার ভারে কোনো বক্তব্য দিতে পারেননি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম রতন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক ওয়ার্ড কাউন্সিলার মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, কাজী মাসুম প্রমুখ।

বক্তারা বলেন, রামিসার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, মূল অভিযুক্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাই সরকারের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে রাজধানীতে প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।

এছাড়া হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানান বক্তারা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, হত্যাকাণ্ড ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, ভুক্তভোগীর পরিবার বিচার নিয়ে হতাশা প্রকাশ করলেও রাষ্ট্রকে তার বিচারিক সক্ষমতা প্রমাণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু এমন নৃশংস ঘটনার শিকার না হয়।