২১ মে ২০২৬, ১২:১৬

যশোরে চামড়া সংরক্ষণে বরাদ্দ ১৬৫ টন লবণ

কাঁচা চামড়ায় লবণ দেওয়া হচ্ছে  © ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকারিভাবে ১৬৫ মেট্রিক টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে। এ লবণ জেলা ও উপজেলা পর্যায়ে মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র বলছে, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সাঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণ ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার জন্য জেলা সদরে ৭৫ হাজার এবং উপজেলা পর্যায়ে ৫০ হাজার টাকা করে সরকারি ভর্তুকি বরাদ্দ দেওয়া হয়েছে। 

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার জানান, ঈদের পরপরই কোরবানির চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে লবণ সরবরাহ করা হবে। বিশেষ করে এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সংগৃহীত চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। মাঠপর্যায়ে মাদ্রাসার তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে এবং বিভিন্ন উপজেলায় ইমাম ও কসাইদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে সঠিক পদ্ধতিতে কোরবানি ও চামড়া সংরক্ষণে গুণগত মান বজায় থাকে।

তিনি আরও জানান, মণিরামপুর উপজেলায় ৩০টি এবং সদর উপজেলায় ১৬০টি মাদ্রাসায় লবণ বিতরণের পরিকল্পনা রয়েছে। তবে এখনো সব উপজেলার পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, তথ্য যাচাই শেষে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। জেলার ৮ উপজেলায় ১৬৫ মেট্রিক টন লবণ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৪ টন, বাঘারপাড়ায় ১৪ টন, চৌগাছায় ১৪ টন, শার্শায় ১৪ টন, কেশবপুরে ১৯ টন, মনিরামপুরে ২০ টন, অভয়নগরে ২৫ টন এবং ঝিকরগাছায় ১৬ টন লবণ বরাদ্দ রয়েছে। এসব লবণ সরবরাহ করবে দুটি প্রতিষ্ঠান মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজ প্রা. লি. এবং রাজাপুর সল্ট রিফাইনারি লি.।