২০ মে ২০২৬, ১৬:০১

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর

ঘাতক ট্রাক  © টিডিসি

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেলে তিন আরোহী চুলকাঠির ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আব্দুল কাদের নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের কাদের ফারাজী এবং মোংলা বন্দরে কর্মরত জাহাজচালক মোরেলগঞ্জ উপজেলার বাহাদুর শিকদার। নিহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনা অপর দুজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।