১৯ মে ২০২৬, ২১:২১

ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলায় আরও তিন আসামী গ্রেফতার

ডিবি পুলিশের হাতে গ্রেফতার তিন আসামী  © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় আলোচিত  গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তাজমুল সরকার ওরফে সাদেক (২২), মো. রুবেল মিয়া (৩৬) এবং মো. রবিন (৩৭)। মঙ্গলবার (১৯ মে) বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় পাইওনিয়ার ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ডিবি পুলিশ জানায়, ঘটনার পর থেকেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আসামিরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন। তারা উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে দীপু চন্দ্র দাসকে মারধর ও মরদেহের ওপর অমানবিক নির্যাতনে সহযোগিতা করেন। এ ছাড়া, ফ্যাক্টরির শ্রমিকদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন এবং জনতাকে বর্বরোচিত হামলায় উৎসাহিত করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এ পর্যন্ত এ মামলায় মোট ২৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।

উল্লেখ্য, ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড নামের পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়