১৯ মে ২০২৬, ২১:০০

পাবনায় কোরবানীর হাট মাতাবে ৪০ মণের বাহারাম বাদশাহ, খায় কলা-আপেল!

বিশাল আকৃতির বাহারাম বাদশা  © সংগৃহীত

কালো কুচকুচে বিশাল দেহের অধিকারী এই ষাঁড়টির নাম বাহারাম বাদশা। এবারের কোরাবনীর ঈদকে সামনে রেখে মোটাতাজা করেছেন খামারী। শুনলে অবাক হবেন, বাহারাম বাদশার প্রিয় খাবার হলো কলা ও আপেল। সপ্তাহে ২ থেকে ৩ দিন তাকে কলা ও আপেল খাওয়ান খামারী মনিরুল ইসলাম। ষাঁড়টির সম্পূর্ন ওজন ৪০ মণ দাবি করা হলেও, পরিমাপ অনুযায়ী মাংস মিলবে প্রায় ২৫ মণ।

বাহারাম বাদশার চলাচলও যেন বাদশার মতো। তাকে দু’চারজন মিলে সামলানো সহজ কাজ নয়। আর একবার বাইরে বের হওয়ার পর যেন তার আনন্দ যেন আর ধরে না। লাফিয়ে লাফিয়ে জানিয়ে দেয় তার খুশির বারতা। বিশাল দেহের এই ষাঁড়টির দেখা মিলবে পাবনার চাটমোহরে।

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের খামারী মনিরুল ইসলাম। কোরবানীর ঈদকে সামনে রেখে এক বছর আগে একটি ষাঁড় কিনে লালন পালন শুরু করেন। দেশীয় পদ্ধতিতে কাঁচা ঘাস, খৈল, ভূষি, খড়, পান্তা ভাত খাইয়ে তাকে মোটাতাজা করেছেন।

২০১৯ সালে টাইগার নামে একটি বিশাল ষাঁড় গরু মোটাতাজা করে সারাদেশে ভাইরাল হয়েছিলেন মনিরুল। তিনি জানান, এবার নিজেদের পছন্দ অনুযায়ী ষাঁড়টির নাম দিয়েছেন বাহারাম বাদশা। বর্তমানে তার সম্পূর্ন ওজন ৪০ মণ। আর পরিমাপ অনুযায়ী মাংস মিলবে ২৫ মণ। দাম চাচ্ছেন ২৫ লাখ টাকা।

মনিরুল জানান, বাহারাম বাদশাকে সপ্তাহে দুই তিনদিন কলা ও আপেল খাওয়ান তিনি। এছাড়া কাঁচা ঘাসও তার খুব পছন্দ। মনিরুলের আশা, বাড়ি থেকেই ষাঁড়টি বিক্রি করার। কেউ যদি কিনতে চান তাহলে তার বাড়িতে গিয়ে দেখতে পারেন। অনেক স্বপ্ন নিয়ে বড় ষাঁড় করেছেন তিনি। এবারের ঈদের হাটে বাহারাম বাদশা কে বিক্রি করে লাভের মুখ দেখতে চান মনিরুল।

এক বছর ধরে পরিশ্রম করে নিজের সন্তানের মতো বাহারাম বাদশাকে লালন পালন করেছেন মনিরুল। যখন বাহারাম বাদশা বিক্রি হয়ে যাবে তখন কেমন লাগবে, ভাবতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, এক বছর ধরে ছেলের মতো আদর যত্নে লালন পালন করে বড় করেছি। প্রিয় ষাঁড়টি বিক্রি হবার পর যখন নিয়ে যাবে তখন আমাদের সবারই কষ্ট হবে। তারপরও কিছু করার নেই। বিক্রি তো করতেই হবে।