বিষখালী নদীতে বড়শিতে ধরা পড়ল বিরল ডলফিন
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূসর বর্ণের ডলফিন ধরা পড়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় বেতাগী ফেরিঘাট-সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বেতাগী ফেরিঘাট-সংলগ্ন বিষখালী নদীতে কয়েকজন জেলে মাছ ধরেন। শনিবার সন্ধ্যায় নদীর মাঝামাঝি এলাকায় একটি বড় আকৃতির ডলফিন বড়শিতে আটকে যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ডলফিনটি দেখতে ফেরিঘাটে ভিড় করেন।
প্রত্যক্ষদর্শী সুমন পাটনী বলেন, ‘সন্ধ্যায় ফেরিঘাটে গিয়ে দেখি জেলেদের বড়শিতে একটি ডলফিন ধরা পড়েছে। প্রথমে অনেকে এটিকে শনাক্ত করতে পারছিল না। এ সময়ের মধ্যেই ডলফিনটি মারা যায়। পরে কয়েকজন সেটিকে নিয়ে চলে যায়।’
জেলে জলিল মৃধা বলেন, ‘ডলফিনটি বড়শিতে আটকে যাওয়ার পর অনেকক্ষণ পানিতে ছটফট করছিল। কিছুক্ষণ পরে দুর্বল হয়ে পড়লে তীরে আনা হয়।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, ‘বড়শিতে ডলফিন ধরা পড়ার বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। পরে কী হয়েছে তা জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’