১৬ মে ২০২৬, ১৬:২২

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন সংসদ সদস্য

মাঠে ধান কাটছেন সংসদ সদস্য  © টিডিসি

নওগাঁর মহাদেবপুরে মাঠের বোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা। শনিবার (১৬ মে) সকালে সংসদ সদস্য ফজলে হুদা মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের এক মাঠে কৃষকদের সঙ্গে ধান কেটে ঘরে তুলে দেওয়ার ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় লোকজন জানান, সংসদ সদস্য ফজলে হুদা চেরাগপুর ইউনিয়নের গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে তার গাড়ি থেকে নেমে পড়েন। পরে মাঠে বোরো ধান কাটায় নিয়োজিত কৃষকদের সঙ্গে তিনিও ধান কাটতে শুরু করেন। সংসদ সদস্য নিজ হাতে কাঁস্তে ধরে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়ার এমন দৃশ্য দেখে ওই সময় মাঠে কাজ করা কৃষান-কৃষানিদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। সংসদ সদস্যের ধান কেটে দেওয়া দেখে তার সঙ্গে থাকা কয়েকজন রাজনৈতিক সহকর্মীও ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে অংশগ্রহণ করেন। 

স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম বলেন, সংসদ সদস্য ফজলে হুদা চলতি বোরো মৌসুমে কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কৃষক আলমগীর হোসেন বলেন, চলতি মৌসুমে বোরো ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট এবং অতিরিক্ত মজুরির কারণে যখন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন, ঠিক তখনই এমপি ফজলে হুদা মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়ালেন এবং সংগঠনের নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। এ সময় সংসদ সদস্য ধান খেতের আইলে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন।

স্থানীয় কৃষকরা জানান, একজন সংসদ সদস্য হয়ে মাঠে নেমে কৃষকের সঙ্গে কাজ করা সত্যিই বিরল ও প্রশংসনীয়। এতে কৃষকদের মধ্যে নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা মনে করছেন, তাদের পাশে একজন সত্যিকারের অভিভাবক রয়েছেন। ওই মাঠে সংসদ সদস্য ধান কাটছে, এমন খবর পেয়ে চেরাগপুরসহ আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হন।

এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘবে সব সময় আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।’