মোটরসাইকেল-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক শামীম শেখ (৩৫) আটক করেছে পুলিশ।
নিহত নারী সীমা সরকার (৪০) পিরোজপুরের নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মোটরসাইকেলচালক মানিক সরকার (৩০) একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। তারা দুজন সম্পর্কে দেবর-বৌদি।
টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে মানিক সরকার বৌদি সীমা সরকারকে নিয়ে পিরোজপুর থেকে রওনা দিয়ে মোটরসাইকেলে চালিয়ে টুঙ্গিপাড়া হয়ে বরিশালের গৌরনদী যাচ্ছিলেন। তারা টুঙ্গিপাড়ার জোয়ারিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়ার মাঝবাড়ি থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সীমা সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া মোটরসাইকেলচালক মানিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাভার্ড ভ্যানের চালক শামীম শেখকে আটক করে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।