হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এনামুল হক (২৬) নামের এক যুবক হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত এনামুল হক উপজেলার মাসকা ইউনিয়নের উত্তর মাসকা গ্রামের হবুল মিয়ার ছেলে। আজ শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার মাসকা হাওরে বজ্রপাতে নিহতের ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে জানা যায় এনামুল হক আজ দুপুর তিনটার দিকে বৃষ্টির সময় বাড়ির পিছনের হাওরে মাছ ধরার জাল ফেলতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন।
অনেকক্ষণ যাবৎ বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গেলে তারা তাকে হাওরে আহত অবস্থায় পরে থাকতে দেখে। পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী বলেন, আজ দুপুর তিনটার দিকে বজ্রপাতে এনামুল হক নামের এক যুবক নিহত হয়েছে। বিষয় খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন, ‘মাসকা ইউনিয়নের উত্তর মাসকা গ্রামে বজ্রপাতে এক যুবক নিহতের ঘটনাটি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের অবহিত করে নাই।আমরা খোঁজ নিচ্ছি।তবে অবহিত করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’