এক মাসের শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্ক প্রতিরোধী র্যাবিস ভ্যাকসিন প্রয়োগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির পরিবার ক্ষোভ প্রকাশ করেছে এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আজ বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার জানায়, নিয়মিত টিকা দিতে তারা হাসপাতালে যান। ভ্যাকসিন প্রয়োগের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। তবে তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে আনা হয়। পরে তিনি শিশুটিকে ভুল টিকা দেন।
শিশুটির মা মৌ বলেন, ভুল টিকা প্রয়োগের পর তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। টিকা দেওয়ার পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাদের গাফিলতিকেই দায়ী করছেন তারা।
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি ভুলবশত ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ভুল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এ টিকায় শিশুটির বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। তারপরও শিশুটির পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানিয়েছেন, ঘটনার পরপরই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয়েছে। ভুলবশত দেওয়া টিকাটি শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম। এরপরও শিশুটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।