১২ মে ২০২৬, ০৮:৩৫

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আতাউর রহমান আর নেই

আতাউর রহমান   © টিডিসি ফটো

দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরিবারসূত্রে জানা যায়, অভিনয়শিল্পী সংঘের আজীবন সদস্য আতাউর রহমান সোমবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

তার জানাজা জোহরের নামাজের পর রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলা মাঠে অনুষ্ঠিত হবে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার বিকেলে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার-এ রাখা হবে। সবশেষে তাকে বনানী কবরস্থান-এ দাফন করা হবে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালী-তে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

আগামী জুনে তার ৮৫ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। তবে তার আগেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বরেণ্য নাট্যব্যক্তিত্ব। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।