১১ মে ২০২৬, ১৭:৪৬

ড্রেন বন্ধ করে ভবন নির্মাণ, অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশন

অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশন  © টিডিসি ফটো

ময়মনসিংহ নগরে ড্রেন এর জায়গা না ছেড়ে বহুতল ভবন নির্মাণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ায় অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নগরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিটি প্রশাসনের তৎপরতার মুখে ভবন মালিকরা নিজেদের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত স্থাপনা অপসারণে সম্প্রতি নোটিশ দেওয়া শুরু করে ময়মনসিংহ সিটি করপোরেশন। এর অংশ হিসেবে নতুন বাজার এলাকায় ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ভবন দুটি নালার জায়গা না ছেড়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া গার্ডেন সিটি ভবনের বেইজমেন্ট পার্কিংয়ের জায়গা মার্কেট হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।

এ ঘটনায় নতুন বাজারের গার্ডেন সিটি ভবন এবং গাঙ্গীনারপাড় মোড় এলাকায় ইউনাইটেড বিল্ডার্সের সামনে নোটিশ টানিয়ে দেয় সিটি করপোরেশন। নোটিশে অবৈধ নির্মাণ অপসারণ এবং পার্কিং স্থান বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, পার্কিংয়ের জায়গা দোকান হিসেবে ভাড়া দেওয়ায় সড়কে যানবাহন দাঁড় করাতে হচ্ছে, এতে এলাকায় যানজটও সৃষ্টি হচ্ছে। যানজট নিরসন ও জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান শুরু করা হয়েছে।

সোমবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে কর্মকর্তারা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবনের মাঝখানে থাকা সরু হয়ে যাওয়া ড্রেনটি পরিদর্শন করা হয়। পরে পানি প্রবাহ স্বাভাবিক করতে ড্রেনটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, শহরে নতুন নতুন ভবনের কারণে ড্রেনেজ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। ড্রেনগুলো পুনরায় সচল করতে আমরা উদ্যোগ নিয়েছি। এখানেও বহুতল ভবনের কারণে ড্রেন বন্ধ হয়ে গিয়েছিল। ভবন মালিক নিজের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনরায় চালু করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।