চাঁদপুরে অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ৪
চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চারজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।
শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মতলব উত্তর থানাধীন দশানী-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুর যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
শনিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই এলাকার চারটি গোডাউন তল্লাশি করা হয়। তল্লাশিকালে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। একই সঙ্গে জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
পরে মতলব উত্তর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসিল্যান্ড) উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তী সময়ে জব্দ করা জ্বালানি তেল সংশ্লিষ্টদের কাছে ফেরত প্রদান করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে জ্বালানি তেল মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।