সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (২৭) নামে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকালে রিয়াদের বাতা মার্কেট এলাকায় পরিচ্ছন্নতার কাজ করার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর মিয়া গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার চার ছেলের মধ্যে তৃতীয় ছেলে জাহাঙ্গীর দেড় বছর আগে সৌদি আরবে যান। সেখানে জাহাঙ্গীর আলম পরিচ্ছন্নতার কাজ করতেন। সকালে সড়কে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটরাস্থলেই মারা যান জাহাঙ্গীর।
আলমগীর হোসেন বলেন, সৌদি আরবের রিয়াদে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন জাহাঙ্গীর। সেখানে বাতা মার্কেট এলাকায় পরিচ্ছন্নতার কাজ করার সময় দ্রুতগতির একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটরাস্থলেই মারা যায় জাহাঙ্গীর।
নিহত জাহাঙ্গীর আলমের বাবা আসাদ মিয়া বলেন, ‘সংসারে স্বচ্ছলতা ফেরাতে জায়গা জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কাজ করতে গিয়েই আমার ছেলেটা মারা গেল। সংসারে সুখ আর আসল না। জাহাঙ্গীরের স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে। এখন তাদের নিয়ে সংসার কীভাবে চালাব? সরকার যেন আমার আমার ছেলের মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করে দেয়।’