রাজধানীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫
রাজধানীর কদমতলীতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রবিবার (১০ মে) ভোরে কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেটের গিরিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন—পেশায় সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তারা ওই এলাকার একটি ৯ তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। আহতদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।
উদ্ধার কাজে সহায়তাকারী রাকিব জানান, ভোরের দিকে আগুনের খবর পেয়ে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দগ্ধ সালমা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি আরও জানান, দুর্ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে কালাম রান্নার কাজ করতে গিয়ে চুলা জ্বালালে বিকট শব্দে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর তারা কোনোমতে ঘর থেকে বের হতে সক্ষম হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ পাঁচজনই বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।