নেত্রকোনায় ১০ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সোমাইয়া আক্তার মোহনা (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয়রা ও পুলিশ।
নিহত সোমাইয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের হিরন মিয়া ও হ্যাপি আক্তারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) সন্ধ্যার পর নিজ ঘরে সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সোমাইয়া। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, ‘মেয়েটি দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার একটি ছোট ভাই রয়েছে। বাবা একজন কৃষক। এই ঘটনায় পরিবারটি ভেঙে পড়েছে।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয় নিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।