০৯ মে ২০২৬, ১৬:২১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিতে দুই বাসের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪ 

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস  © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় মারছা পরিবহনের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার (৯ মে) মহাসড়কের চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

দুর্ঘটনায় ঘটানাস্থলেই একজনের মৃত্যু হয়। সেখান থেকে গুরুতর আহত একজনকে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে সেখান থেকে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, ঘটনাস্থলে মারা যাওয়া যাত্রীর নাম রেহেনা বেগম। তিনি পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয়েছে নাঈম জিহাদের। তার বাড়ি ঝিনাইদহে। নিহত অপর দুজন হলেন—মো. নাঈম ও মো. মনির। তাদের মধ্যে নাঈমের বাড়ি ঝিনাইদহ এবং মনিরের বাড়ি ভোলায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মারছা পরিবহনের বাস দুটির একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। আর অন্যটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা খায়। অন্য বাসটি সড়কের অন্য পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও দোকানে থাকা লোকজনের কোনো ক্ষতি হয়নি। বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী বলেন, ‘দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’