দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৭
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে পরিচয় জানা গেছে রেহানা বেগমের (৬০)। তিনি পটিয়া উপজেলার পাচুরিয়া গ্রামের বাসিন্দা ও বদিউল আলমের স্ত্রী। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত ব্যক্তিদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও দুইজন মারা যান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচজন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত এক নারীর মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতার কারণে এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস দুটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে।