০৯ মে ২০২৬, ০৮:১১

প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতার ফেসবুকে অবমাননাকর পোস্ট, প্রতিবাদে এলাকায় বিক্ষোভ

এলাকায় বিক্ষোভ  © টিডিসি ফটো

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার কালাবিবি দিঘির মোড় এলাকায় তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও হেফাজতে ইসলাম বাংলাদেশ, আনোয়ারা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ আলী নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে নবীকে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। সেই অভিযোগের পর সমালোচনার মুখে পড়ে এক ভিডিয়োতে ক্ষমা চান অভিযুক্ত ওই ব্যক্তি। দাবি করেন, তার ব্যক্তিগত অ্যাকাউন্টটি হ্যাকারের কবলে পড়েছিল। বর্তমানে ওই ব্যক্তি যুক্তরাজ্যে অবস্থান করছে বলে জানা গেছে। 

সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, ওলামায়ে কেরাম, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি কালাবিবি দীঘির মোড় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মুসলমানদের হৃদয়ের স্পন্দন। তাঁকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য মুসলিম উম্মাহ কখনো মেনে নেবে না। তারা অভিযোগ করেন, আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।

সমাবেশে বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ভারতে মুসলিম নিধন ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বক্তারা হুঁশিয়ারি করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।