০৯ মে ২০২৬, ০৭:৪০

মোটরসাইকেল চাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি  © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় সাব্বির হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ১০টার দিকে লাঙ্গলবাঁধ সংলগ্ন বদনপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন শৈলকুপা উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের রাশেদুল ইসলাম রঞ্জুর ছেলে। সে স্থানীয় লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার রাতে সাব্বির বদনপুর এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। 

শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারে ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

শৈলকুপা থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।