আওয়ামী লীগ সমর্থককে হত্যার চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার
ফেসবুক লাইভে আওয়ামী লীগের পক্ষে কথা বলায় এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আওয়ামী লীগের সমর্থক দেলোয়ার হোসেন প্রকাশ বগা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. ইলিয়াছকে (৩৫) গ্রেপ্তার করেছেন সাতকানিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাঞ্চনা মনু ফকির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইলিয়াস উল্লিখিত এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে এবং এ মামলার চার্জশিটভুক্ত ১৫ নম্বর আসামি।
থানা পুলিশ ও আদালতে দাখিলকৃত চার্জশিট সূত্রে জানা যায়, ২০২৪ সালের (১৮ নভেম্বর) সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরতী আলী চাঁন মিয়ার বাড়ির বাসিন্দা মৃত আহমদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ বগাকে মুখোশধারী দুর্বৃত্তরা ঘরের সামনে থেকে অটোরিকশায় তুলে পার্শ্ববর্তী আমিলাইশ ইউনিয়নের সরওয়ার বাজারের পশ্চিম পাশে জালাল আহমদ মেম্বারের বাড়ির পাশে নিয়ে যায়। এ সময় ওই দুর্বৃত্তরা দেলোয়ারকে শরীরের বিভিন্ন অংশে এলােপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে গুরুতর আহত করেন।
পরে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে সড়কে ফেলে কাঞ্চনা ইউনিয়নের দিকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে যান। সেখানে আইসিইউ খালি না থাকায় পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে (২১ নভেম্বর) আবারও দেলোয়ারকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। (২৫ নভেম্বর) বিকালে দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও জানা যায়, এ ঘটনার পর থানা পুলিশ দেলোয়ার হত্যা মামলাটি গ্রহণ না করলে নিরুপায় হয়ে ২০২৪ সালের (৩১ ডিসেম্বর) তার স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩২ জনকে এজাহারনামীয় ও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার দায়িত্ব দেন। মামলাটি তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এদের মধ্যে গ্রেপ্তার ইলিয়াছ ১৫ নম্বর পলাতক আসামি।
এ ব্যাপারে দেলোয়ার হোসেনের স্ত্রী ও মামলার বাদী ইয়াসমিন আক্তার বলেন, এ ঘটনায় সরাসরি জড়িতদের বিরুদ্ধে পিবিআই চার্জশিট দিয়েছেন। বর্তমানে আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা ও অবস্থান করলেও তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। স্বামীকে হারিয়ে আমি সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েছি। পাশাপাশি আমিসহ পুরো পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
দেলোয়ার হত্যাকান্ডে চার্জশিটভুক্ত আসামি মো. ইলিয়াছকে গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, তাকে শুক্রবার (৮ মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।