০৮ মে ২০২৬, ২০:০৫

ইসরায়েলের হামলায় নিহত দিপালী ফরিদপুরে ফিরলেন কফিনবন্দি হয়ে

দিপালী আক্তার  © সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি দিপালী আক্তারের মরদেহ শুক্রবার (৮ মে) সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী ও স্থানীয় লোকজন দিপালীকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছিলেন।

নিহত দিপালী চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি লেবাননে পাড়ি জমান। সেখানে গৃহকর্মীর কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের মুন্সিরচর ঈদগাহ মাঠে তার জানাজা হয়। জানাজায় দুই শতাধিক মানুষ অংশ নেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে লাশ নেওয়া হয় দোহারের মৈনুট ঘাটে। পরে ট্রলারে করে চর শালেপুর মান্দারতলা ঘাটে পৌঁছানো হয়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে দিপালীর মরদেহ নেওয়া হয় মুন্সিরচর গ্রামের বাড়িতে।

গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলি বোমা হামলায় নিহত হন দিপালী। একই হামলায় তার কফিল ও পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন বলে জানা যায়।

বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দিপালীর মরদেহ দেশে পাঠানো হয়। শুক্রবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, দিপালী পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য বিদেশে গিয়েছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।