যশোরে ২৬ স্বর্ণের বারসহ আটক ৩
যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার মালামালের মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে চারটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) ও কোতোয়ালি উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২২-৭৯৩০), পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।