০৬ মে ২০২৬, ১৯:৪২

পদ্মার দুর্গম ২ চরে ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স দিলেন এমপি বুলবুল

বুধবার এই নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল  © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মার দুর্গম চরাঞ্চল নারায়ণপুর ও চর আলাতুলিবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ বুধবার (৬ মে) এই বিশেষ সেবার উদ্বোধন করেন।

জানা গেছে, চরাঞ্চল দুটির বাসিন্দাদের এতদিন অসুস্থ অবস্থায় জেলা শহরের হাসপাতালে যাওয়ার জন্য নৌকা রিজার্ভ করতে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হতো। এছাড়া যাত্রীবাহী নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার ফলে অতীতে অনেক রোগী মাঝ নদীতেই প্রাণ হারিয়েছেন। এই অমানবিক দুর্ভোগ লাঘবে এবং জরুরি চিকিৎসা নিশ্চিতে এমপি বুলবুল আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নৌ-অ্যাম্বুলেন্সের উদ্যোগ নেন।

এমপি নূরুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই নৌ-অ্যাম্বুলেন্সটিতে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, বেড, প্রেসার মাপার যন্ত্র ও ডায়াবেটিস চেক করার ব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে। শুধু নদীপথেই নয়, ঘাট থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পর্যন্ত রোগী পৌঁছে দেওয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্সও এই সেবার অন্তর্ভুক্ত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমপি নূরুল ইসলাম বুলবুল তাঁর ফেসবুক পোস্টে বলেন, শুধু নদীপথেই নয়, নৌকা থেকে নামার পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পর্যন্ত রোগী পৌঁছে দেওয়ার জন্যও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগের মাধ্যমে অবহেলিত এই চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে— এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সকল ভাই-বোনদের উপর রহমত বর্ষণ করুন এবং তাদের কষ্ট দূর করুন। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, যেন আমি আমার প্রতিশ্রুতির বাকি কাজগুলোও সফলভাবে বাস্তবায়ন করতে পারি।