০৬ মে ২০২৬, ১৫:৪৯
বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত ১২টার দিকে উপজেলার ভবানীপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বুধবার (৬ মে) সকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভবানীপুর গ্রামের লিপসন নকরেকের ছেলে পার্থ রাংসা মঙ্গলবার রাত আনুমানিক ১২টার পর পাকা ধান ক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।