নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
নেত্রকোনার কেন্দুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পাড়াতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৪ মে) সকালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাইকুড়া ইউনিয়নের পাড়াতলী গ্রামের বাসিন্দা মিলন (৬৫) ও বকুল (৫৩)।
মো. মেহেদী মাকসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে পাড়াতলী এলাকা থেকে তাদের আটক এবং তাদের কাছ থেকে ৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই মো. শফিউল আলম।
অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ আরও জানান, এ ঘটনায় কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।