০৩ মে ২০২৬, ১৭:১৩

ডিউটির মধ্যেই থেমে গেল সাবিনার জীবন, শোকে স্তব্ধ সহকর্মীরা

সাবিনা খাতুন  © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে সাবিনা খাতুন (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৩ মে) রাত আনুমানিক ১০টার দিকে ডিউটির সময় বাথরুমে যাওয়ার পথে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়েন সাবিনা। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাবিনা খাতুন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি মাসকো গ্রুপের জিটু কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন।

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরেই তিনি শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন। তবে হঠাৎ এ ধরনের মৃত্যুর ঘটনায় সহকর্মীরা গভীরভাবে মর্মাহত। কয়েক ঘণ্টা আগেও স্বাভাবিকভাবে কাজ করা একজন সহকর্মীর আকস্মিক মৃত্যু তারা মেনে নিতে পারছেন না বলে জানান।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আকস্মিক শারীরিক অসুস্থতার কারণে ঘটেছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহ নিজ জেলা জামালপুরে পাঠানো হয়েছে।