০৩ মে ২০২৬, ১৩:৫৭

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে স্থানীয় সাংবাদিকদের অবস্থান  © টিডিসি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও তাদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

রবিবার (৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত অবস্থান কর্মসূচিতে সাংবাদিকরা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে প্রদর্শিত প্ল্যাকার্ড ও ব্যানারে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’, ‘গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে’, ‘সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা কর’, ‘স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর কর’, ‘গণতান্ত্রিক উত্তরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য’, ‘স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ নয়’, ‘গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাসের বিচার কর’, ‘সাংবাদিকদের উপর হামলা-মামলা বন্ধ কর’, ‘আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার,’ ‘সকল কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাও’ নানা স্লোগান তুলে ধরা হয়। 

অবস্থান কর্মসূচিতে বক্তারা আরও বলেন, যখনই কোনো সংবাদকর্মী সত্য প্রকাশ করেন, তখনই তার বিরুদ্ধে মামলা-হামলার খড়্গ নেমে আসে। সাংবাদিকরা আজ কোথাও নিরাপদ নন। গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাস চালিয়ে ভীতি তৈরি করা হচ্ছে। বক্তারা অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
 
অবস্থান কর্মসূচিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান রাজীবের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, লেখক শেখ সিদ্দিকুর রহমান, লেখক মনিরুজ্জামান মুন্না, স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল হক, নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জী, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্টার নিউজের গাজী ফরহাদ, এনটিভির এসএম জিন্নাহ, গ্লোবাল টিভির রাহাত রাজা, গ্রিন টিভির মীর খায়রুল আলম প্রমুখ।