ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) ভোরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শনিবার (২ মে) সকাল ৬টার দিকে সালেহা বেগম প্রতিবেশী আব্দুল হাকিম শেখের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় সেখানে একটি ব্যাটারিচালিত ইজিবাইক বৈদ্যুতিক সংযোগে চার্জে বসানো ছিল। অসাবধানতাবশত ইজিবাইকটিতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছেলে শাহাদাত শিকদার বলেন, সকালে মাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে আব্দুল হাকিমের বাড়ির সামনে ইজিবাইকের নিচে তাঁকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর কপালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন ছিল।
ইজিবাইকের মালিক আব্দুল হাকিম বলেন, মানুষের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তিনি গাড়ির পাশে সালেহা বেগমকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঘরে নেওয়া হলে বুঝতে পারেন সালেহা বেগম আর বেঁচে নেই।
ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মমরেজ ফকির বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহত বৃদ্ধা সম্পর্কে আমার নানি হন। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বিষয়টি পুলিশকে জানাই এবং পুলিশ আসা পর্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করতে বলি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।