ভোলায় দুই ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি
দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে বড় আকারের ইলিশ। এরই মধ্যে দুটি ‘রাজা ইলিশ’ বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়, যা স্থানীয় মাছঘাটে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছঘাটে জেলে ইউসুফ মাঝি ২ কেজি ৭০০ গ্রাম ওজনের দুটি বড় ইলিশ বিক্রি করেন। মাছ দুটি কিনে নেন আড়তদার মো. মনজু ইসলাম।
ইউসুফ মাঝি জানান, সকালে মেঘনা নদীতে জাল ফেলতেই বড় আকারের দুটি ইলিশসহ আরও অনেক ছোট ইলিশ ধরা পড়ে। পরে ঘাটে নিয়ে গেলে বড় দুটি ইলিশ ডাকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। পাশাপাশি ছোট ইলিশগুলো বিক্রি করে পান আরও ২৫ হাজার টাকা।
আড়তদার মনজু ইসলাম বলেন, বড় ইলিশ দুটি কিনে মোকামে ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রির আশা করছেন তিনি।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, নিষেধাজ্ঞার সময় মাছ ধরা বন্ধ থাকায় নদীতে ইলিশের প্রজনন ও বৃদ্ধি ভালো হয়েছে। ফলে এখন বড় আকারের ইলিশ ধরা পড়ছে, যা সরকারের অভিযানের ইতিবাচক ফলাফল নির্দেশ করে।