গোপালগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি সেতুর নির্মাণকাজ আবার শুরুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা দ্রুত কাজ শুরুর দাবি জানান।
মানববন্ধনে সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু, ফজল সিকদার, সামাদ ফকির, মাওলানা আমান উল্লাহ শেখ, মাহবুব সিকদার, ফোরকান শিকদার, মো. শাহীন সিকদার, পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার বক্তব্য দেন।
বক্তারা বলেন, গত দুই বছর আগে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের কাগডাঙ্গা জামে মসজিদের পাশে এলজিইডির অর্থায়নে একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়। কাজ শুরুর কিছুদিন পর পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে সেতুটির নির্মাণ বন্ধ হয়ে যায়।
এলাকার জনগুরুত্বপূর্ণ এই উন্নয়ন কাজটি আবার শুরু করার জন্য বক্তারা দাবি জানান।
উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম বলেন, ঠিকাদার সেতুটির নির্মাণকাজ শুরু করেছিলেন, কিন্তু এলাকার কিছু লোকের বাধার মুখে সেতুটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানার জন্য পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।