০২ মে ২০২৬, ০৮:৪৫

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আইস ও চোরাই পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দ করা আইস  © সংগৃহীত

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১ মে) রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির টহলদল পৃথকভাবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়।

কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক অভিযানে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী এলাকায় সীমান্তের ভেতর থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ ও শাড়ি উদ্ধার করা হয়। একই উপজেলার উত্তর ভাদিয়ালী এলাকায় মাদরা বিওপির অভিযানে আরও ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ জব্দ করা হয়।

অন্যদিকে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকায় বৈকারী বিওপির অভিযানে ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ ছাড়া কালিয়ানী নীলকুঠি এলাকায় কালিয়ানী বিওপির আরেকটি অভিযানে ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের আইস জব্দ করা হয়।

সব মিলিয়ে এসব অভিযানে ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব বলেন, জব্দ করা পণ্যগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সরকারকে বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।