০১ মে ২০২৬, ২১:৩৪

ডাক্তার দেখাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দম্পতি, এতিম হলো ৩ মাসের শিশু

পাঁচ চাকার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়া মোটরসাইকেল  © টিডিসি ফটো

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার আশাপুর গ্রামের তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তাদের ঘরে তিন মাস বয়সী একটি দুগ্ধপোষ্য পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে অসুস্থ শিমলাকে ডাক্তার দেখানোর জন্য তামিম মোটরসাইকেলে চড়ে ফরিদপুর যাচ্ছিলেন। পথে পরীক্ষেতপুর হ্যাচারির সামনে পৌঁছালে একটি পাঁচ চাকার ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শিমলা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মাত্র তিন মাস বয়সী সন্তানকে রেখে তরুণ এই দম্পতির অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।