০১ মে ২০২৬, ১৮:৪৩

বন্ধুদের সাথে আড্ডার সময় সাপের ছোবল, যুবকের মৃত্যু

মামুনুর রশিদ ইমন (২২)  © টিডিসি ফটো

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সাথে গল্প করার সময় বিষধর সাপের কামড়ে মামুনুর রশিদ ইমন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের কিং সোনাপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত ইমন ওই গ্রামের রংমিস্ত্রি হারুন রশিদের ছেলে।

প্রতিবেশী আনসার ভিডিপি কমান্ডার রশিদ আহমেদ বলেন, ইমন কয়েকজন বন্ধুসহ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০ ঘটিকার সময় কিং সোনাপুর গ্রামের কবরস্থানের পাশে কালভার্টের উপরে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিয়ে চলে যায়।

আড্ডার মাঝেই একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দিয়ে চলে যায়। তবে, কামড়ের তীব্রতা শুরুতে অনুভব করতে না পারায় বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি এবং কামড়ের পরও প্রায় আধা ঘণ্টা বন্ধুদের সাথে স্বাভাবিকভাবে গল্প করেন। এরপর তিনি বাড়ি ফিরে যান।

বাড়ি ফেরার পর রাত ১১টার দিকে হঠাৎ ইমনের শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সন্দেহ হয় যে, তাকে সাপে কামড় দিয়েছে। অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন বলেন, ইমনের শরীরে সাপের কামড়ের চিহ্ন পাওয়ার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে হাসপাতালে আসার আগেই বিষ ছড়িয়ে পড়ায় তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল।

পরিবার ও বন্ধুদের চোখের জলে ভাসিয়ে ইমনের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আড্ডার আনন্দ যে এভাবে বিষাদে পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।