০১ মে ২০২৬, ১৪:২৭

চেঙ্গী নদীতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ

নিহত স্কুল দপ্তরি   © টিডিসি ফটো

খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া পেড়াছড়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি তপন উদয় চাকমার মরদেহ চার দিন পর উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা।

শুক্রবার সকালে সদর উপজেলার দক্ষিণ গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদীর একটি বালুচর থেকে বালুর নিচে চাপা পড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীর বালুচরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে খাগড়াছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে পেড়াছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বিদ্যালয়ের দপ্তরি তপন উদয় চাকমার বলে শনাক্ত করেন।

প্রধান শিক্ষক বিম্বীসার খীসা জানান, গত ২৮ এপ্রিল চেঙ্গী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তপন উদয় চাকমা নিখোঁজ হন। এরপর থেকে পরিবার, সহকর্মী ও স্থানীয়রা তাকে খুঁজে ফিরছিলেন। অবশেষে চার দিন পর তার মরদেহ উদ্ধার করা হলো।

খাগড়াছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু জানান, চেঙ্গী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হন তপন উদয় চাকমা। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।