শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপির ডিজিটাল উদ্যোগ
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য (এমপি) মাওলানা আজিজুর রহমান নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের অভিযোগ গ্রহণে অভিনব এক ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছেন। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন, যেখানে যে কেউ সহজেই নিজের অভিযোগ জানাতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, হামলা কিংবা যেকোনো ধরনের অনিয়মের শিকার ব্যক্তি সরাসরি তার অভিযোগ জানাতে পারবেন এমপির কাছে। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে অভিযোগ দাখিল করলে তা দ্রুত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
অভিযোগ জমা দেওয়ার জন্য নির্ধারিত ওয়েবসাইট লিংকটি হলো: https://mpsharsha.jashore.org/
সূত্র জানায়, এই ডিজিটাল ব্যবস্থায় অভিযোগকারীর তথ্য শতভাগ গোপন রাখা হবে, ফলে ভুক্তভোগীরা নির্ভয়ে তাদের সমস্যা তুলে ধরতে পারবেন।
এ বিষয়ে এমপি মাওলানা আজিজুর রহমান বলেন, ‘আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন অবিচারের শিকার হয়ে চুপ করে না থাকেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর সরাসরি আমার কাছে পৌঁছাবে এটাই আমার প্রত্যাশা। আমি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।’
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শার্শার সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। এতে করে হয়রানি ও নির্যাতনের শিকার ব্যক্তিরা সহজেই তাদের অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত প্রতিকার পাওয়ার আশা করছেন তারা।