ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২৫ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৭৩ শিশু।
বুধবার (২৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ২৯ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৫০ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৪ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৮৫৭ শিশু। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল থেকে ২ শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মোট ২০ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে এক দু'জন করে হাসপাতালে ভর্তি হতে থাকে। তবে গত ১৭ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ভর্তির সংখ্যা বাড়তে থাকে। এ জন্য হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।