গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জান্নাত আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রাজিব আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, জান্নাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর সঙ্গে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন জড়িত।
রবিবার (২৬ এপ্রিল) উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বান্দাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাত আক্তার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার বাসিন্দা শুকুর আলীর মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে রাজিব আহম্মেদের সঙ্গে জান্নাতের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
অভিযোগ রয়েছে, ঘটনার দিন সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকাল সাড়ে আটটার দিকে রাজিব তার শাশুড়ি নবীরন বিবিকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলেন এবং অন্যথায় তাকে হত্যার হুমকি দেন। খবর পেয়ে জান্নাতের বাবা শুকুর আলী মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিছানায় মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহতের শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা শুকুর আলী বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করা হতো। সকালে হুমকি দিয়েছিল, পরে সত্যিই আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।