১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

আটককৃত হাফিজ উল্লাহ  © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সিনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে হাফিজ উল্লাহ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে কালীগঞ্জ শহরের একটি ফুয়েল স্টেশন থেকে তাকে আটক করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হাফিজ উল্লাহ কালীগঞ্জ পৌর শহরের ফয়লা কলেজপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই যুবক ফুয়েল স্টেশনে গিয়ে লাইনে না দাঁড়িয়ে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করেন। এ সময় লাইনে থাকা সাধারণ মানুষ ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি নিজেকে এনএসআই-এর সিনিয়র ফিল্ড অফিসার দাবি করেন এবং একটি ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে এনএসআই-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

একাধিক গোয়েন্দা সূত্র জানায়, হাফিজ উল্লাহ দীর্ঘদিন ধরে নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করে আসছিলেন। সংগৃহীত তেল কালোবাজারে বিক্রি করা হতো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ওসি জেল্লাল হোসেন বলেন, পুলিশ তাকে আটক করেনি। এনএসআই-এর একটি টিম তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হতে পারে।