খাগড়াছড়িতে বিজ্ঞান মেলায় খুদে উদ্ভাবকদের মেধা ও সৃজনশীলতার বিকাশ
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তরুণ উদ্ভাবকদের এক মিলনমেলায় পরিণত হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। উদ্বোধনী বক্তব্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাধারাকে দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা, যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
এবারের মেলায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে ১৫টি ভিন্নধর্মী উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। প্রযুক্তিনির্ভর সমাধান ও পরিবেশবান্ধব উদ্ভাবনসহ দৈনন্দিন নানা সমস্যার বাস্তবসম্মত সমাধান তুলে ধরা এসব প্রজেক্ট দর্শনার্থীদের বিশেষ প্রশংসা কুড়ায়। বুধবার সমাপনী দিনে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজকদের মতে, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি সচেতন করে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন নিয়মিতভাবে করা হচ্ছে।