০৭ এপ্রিল ২০২৬, ১৪:০১

কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

প্রতীকী ছবি  © সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি কেক তৈরির কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় শিরিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূর প্রাণ গেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বন বিভাগ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিরিনা খাতুন স্থানীয় বাসিন্দা রমজান আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শিরিনা খাতুন প্রতিদিনের মতো প্রতিবেশীর ছেলের জন্য টিফিন নিয়ে স্কুলে পৌঁছে দেন। সোমবারও তিনি টিফিন দিয়ে ফেরার পথে প্রতিবেশীর বাসায় যান, যেখানে একটি কেক ফ্যাক্টরি রয়েছে। সেখানে অসাবধানতাবশত তার ওড়না জেনারেটরের ঘূর্ণয়মাণ ফিতার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার এএসআই আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।