পরিমাপে কম দেওয়ায় পাম্পমালিককে জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগে এক পাম্পমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ভোক্তা পর্যায়ে পাম্প থেকে তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগ থাকায় টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। তখন অভিযোগের সত্যতা পাওয়ায় পাম্প মালিক জাকির হোসেনকে পেট্রোলিয়াম আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, তেলের আতঙ্কে মানুষ পেট্রোল, অকটেন, ডিজেল তেল নিতে পাম্পে ভিড় করছে। সেই সুযোগে পাম্প মালিক জাকির হোসেন পরিমাপে কারচুপির করছিলেন, এমন অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।