শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রয়েছে। এখন ভোটগ্রহণকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্টরা।
প্রচারণার শেষ সময়ে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে সরগরম ছিল পুরো এলাকা। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। তবে প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটারদের মধ্যে ভোটদানের আগ্রহ ও প্রত্যাশা আরও বেড়েছে।
এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থীসহ মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি থেকে সাবেক তিনবারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াত থেকে মাসুদুর রহমান এবং বাসদ থেকে মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটি। জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।