০৬ এপ্রিল ২০২৬, ১৭:১১

গোপালগঞ্জে প্রশাসনের অভিযানে দখলকৃত খাল উদ্ধার

উপজেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত করা হয় খাল  © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে দখলকৃত খাল উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখলমুক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, ফারুক শেখ, ইউছুপ শেখ, মিলন ফকির, মিজান শেখ ও সামচুল শেখ নামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে খালটি দখল করে রেখেছিলেন। খাল দখলমুক্ত হলেও বিভিন্ন স্থানে এখনো পাকা ভবন ও দোকান অবশিষ্ট রয়েছে। এলাকাবাসী দ্রুত খালটি সম্পূর্ণ দখলমুক্ত করে খননের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন, ‘খালটি এখনো কিছু জায়গায় দখল করা আছে। পুরো খালটি দখলমুক্ত করে খননের দাবি জানাচ্ছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানান, ‘এটি একটি প্রবাহমান খাল। কিছু ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে দখল করেছিল। খাল দখল বা ভরাট হলে এলাকার ৭-৮টি গ্রামের কৃষি কাজ ব্যাহত হতো। তাই আমরা আজ এটি দখলমুক্ত করেছি। ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানকালে খাল দখলকারী ব্যক্তিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।